
নিজস্ব প্রতিবেদক
তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠিত ও মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠান তুবা টিভির বার্তা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ রাসেল মীর। তুবা টিভির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১৪ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
মোঃ রাসেল মীর হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক। তিনি কবি নজরুল কলেজে থেকে এম, কম সম্পন্ন করেন । দীর্ঘদিনের শিক্ষাদান, সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমে নতুন ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর মোঃ রাসেল মীর বলেন, “তুবা টিভিকে একটি শক্তিশালী, পেশাদার, দায়িত্বশীল ও জনবান্ধব গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। সাধারণ মানুষের কথা, তাদের সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই দায়িত্বশীল সাংবাদিকতা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং তথ্যের সত্যতা যাচাইয়ের মাধ্যমে তুবা টিভিকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে কাজ করা হবে।
তুবা টিভির সিইও ও তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, “মোঃ রাসেল মীরের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ তুবা টিভির সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁর নেতৃত্বে তুবা টিভির বার্তা বিভাগ আরও শক্তিশালী ও পেশাদার হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”
তিনি বলেন, তুবা টিভি সবসময় সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। মানুষের অধিকার, সামাজিক সমস্যা, অনিয়ম-দুর্নীতি এবং সম্ভাবনার খবর তুলে ধরার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।
এদিকে নতুন বার্তা পরিচালক হিসেবে মোঃ রাসেল মীরের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন তুবা টিভির সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে তুবা টিভির সংবাদ কার্যক্রম আরও বিস্তৃত ও সমৃদ্ধ হবে এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমটি সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাবে।