
বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটা খেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। এই ঘটনার পর তাঁকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) পাঠিয়েছে এনসিপির জেলা শাখা।
এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে গত শুক্রবার রাতে তাঁকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় ও প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ করা, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক ভুক্তভোগী নারী প্রশিক্ষণার্থী তাঁকে জুতা দিয়ে মারেন। এ সময় আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে তাঁদের কাছে ক্ষমা চান বলে জানা গেছে।
বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান জানান, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের জের ধরেই এই ঘটনাটি ঘটেছে। পরে আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অঙ্গীকারনামা জমা দেন। প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সূত্র: ইনকিলাব