রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার পর যাত্রী নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনভর কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন ও মনিটরিং করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে থেকে স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের এজিএস ইমরুল কায়েস পলাশের নির্দেশনায় এবং ঢাকা ডিজেল কারখানা শাখার সম্পাদক ও সিসিএস ঢাকা ডিভিশনের পরিচালক মোহাম্মদ আরিফের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
ইমরুল কায়েস পলাশ বলেন, রেলওয়ে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। নাশকতা প্রতিরোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ আরিফ বলেন, কমলাপুর রেলস্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেপিআইভুক্ত এলাকাগুলোতে মনিটরিং অব্যাহত থাকবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত