ভাঙা জানালা দিয়ে ঢুকছে ধুলাবালি-শব্দ, ব্যাহত পাঠদান
কবি নজরুল কলেজ প্রতিনিধি
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের সড়কসংলগ্ন সি ভবনের একাধিক বিভাগের জানালার কাচ ভেঙে যাওয়ার দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তা এখনো মেরামত করা হয়নি। দীর্ঘদিন ধরে জানালাগুলো ভাঙা থাকায় শ্রেণিকক্ষে ঢুকছে রাস্তার ধুলাবালি ও যানবাহনের অতিরিক্ত শব্দ। এতে পাঠদানে ব্যাঘাতের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার কাচ ভেঙে যায়। সংঘর্ষের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেগুলো সংস্কার করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, সড়কসংলগ্ন সি ভবনের বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রায় প্রতিটি জানালার কাচ ভাঙা। এ ছাড়া আরও কয়েকটি বিভাগের কিছু জানালার কাচও ভাঙা অবস্থায় রয়েছে। ভবনটি ব্যস্ত সড়কের পাশে হওয়ায় ভাঙা জানালা দিয়ে অবাধে ধুলাবালি ও যানবাহনের শব্দ শ্রেণিকক্ষে প্রবেশ করছে।
শিক্ষার্থীরা জানান, ক্লাস চলাকালে বাইরে থেকে আসা অতিরিক্ত শব্দে পাঠে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে শ্রেণিকক্ষের বেঞ্চ ও আসবাবপত্রে নিয়মিত ধুলাবালি জমে থাকায় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাহাদ পান্থ বলেন, ‘সংঘর্ষের সময় কাচগুলো ভেঙে যায়। এতদিন পরও সেগুলো মেরামত করা হয়নি। ক্লাসের সময় প্রচুর ধুলাবালি ও বাইরের শব্দ আসে। এতে আমাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।’
বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম বলেন, ‘পুরান ঢাকায় এমনিতেই শব্দদূষণ অনেক বেশি। তার ওপর শ্রেণিকক্ষের জানালার কাচ ভাঙা থাকায় বাইরে থেকে প্রচুর শব্দ ভেতরে আসে। পরীক্ষার সময়ও মনোযোগ ধরে রাখা কঠিন।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিন ক্লাসরুমে ঢুকে দেখি বেঞ্চগুলোতে ধুলাবালি জমে আছে। বসার মতো পরিবেশ থাকে না। আমরা দ্রুত সমস্যাটির সমাধান চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক কর্মচারী জানান, জানালার কাচ ভাঙা থাকায় শ্রেণিকক্ষে অতিরিক্ত ধুলাবালি প্রবেশ করছে। ফলে প্রতিদিনই পরিচ্ছন্নতাকর্মীদের বেঞ্চ ও শ্রেণিকক্ষ পরিষ্কার করতে হচ্ছে।
এ বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘অধ্যক্ষ স্যারকে বিষয়টি জানানো হয়েছে কি না?’ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাধিকবার বিষয়টি অধ্যক্ষকে জানিয়েছেন—এ কথা জানালে তিনি বলেন, ‘অধ্যক্ষ স্যারের সঙ্গে কথা বলে দ্রুতই এটি মেরামতের ব্যবস্থা করা হবে।’
কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছি। এ বিষয়ে বরাদ্দের জন্য ডিজি অফিসে আবেদন করা হয়েছে। আশা করছি, খুব দ্রুতই এর সমাধান হবে।’
দেড় বছরের বেশি সময় ধরে জানালার কাচ ভাঙা থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে শ্রেণিকক্ষে স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হোক।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত