
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রচার সম্পাদক মেজবাউল আলম জোলন, আইন বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান, ঢাকা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ ফরিদ মিয়া এবং ঢাকা মহানগর শাখাসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সংগঠনের বিভিন্ন শাখা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।