
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর বাসাবো কালিবাড়ি রাজারবাগ এলাকায় মো. পলাশ (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম। তিনি রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকায় বসবাস করতেন। আগে প্রাইভেটকার চালক হিসেবে কাজ করলেও বর্তমানে কোনো পেশায় নিয়োজিত ছিলেন না।
হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. হীরা জানান, সন্ধ্যায় পলাশ রাজারবাগ বাজারের একটি মুদি দোকানের সামনে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় পলাশ গুরুতর আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, পলাশ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।