
মো: ইয়াসিন আরাফাত
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সকল বিভাগের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য- এই তিন ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আজ বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি যুদ্ধ শেষ হলো।
শুক্রবার(১৭ জুলাই) বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের পরিক্ষার মধ্যদিয়ে সকল বিভাগের পরীক্ষা সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ১১ জুলাই (শনিবার) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আজ ১৭ জুলাই (শুক্রবার) দুই শিফটে বাকি দুই ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। যার মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের এবং দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসসহ সাতটি নির্ধারিত ক্যাম্পাসে একযোগে এই পরীক্ষাগুলো নেওয়া হয়।
পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রগুলোর বাইরে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে আসা এই পরীক্ষার্থীদের সহায়তা করতে বিগত পরীক্ষাগুলোর মতো আজও ক্যাম্পাসগুলোতে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী দলগুলোর পক্ষ থেকে হেল্প ডেক্স বসানো হয়।
হেল্প ডেক্সগুলো থেকে পরীক্ষার্থীদের আসন খুজে দেওয়া, তীব্র গরমের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও জরুরি প্রয়োজনে কলম বিতরণ এবং প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা করা হয়। ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী দলগুলোর এমন সহযোগিতামূলক ভূমিকা পরীক্ষার্থী এবং অভিভাবকদের দুর্ভোগ অনেকাংশে কমিছে।
পরীক্ষার্থীদের সহায়তার বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, “গত বছরের মতো এইবারও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেস্ক বসানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কলম, ফুলসহ পানির ব্যবস্থা করা হয়েছে। আমরা ছাত্রদল শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলাম, এখনও আছি এবং আগামীতেও যেকোনো প্রয়োজনে থাকবো ইনশাআল্লাহ।”
ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি মো: নাহিদ হাসান বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কবি নজরুল ক্যাম্পাস আগত পরীক্ষার্থীদের জন্য ছাত্র অধিকার পরিষদ বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে আগত পরীক্ষার্থীদের তাদের নিজস্ব আসন বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা-কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করেছে। কলম, পেন্সিল, পানি এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করছি। ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসের গেটের ডান পাশে হেল্প ডেস্ক বসিয়েছে যেখানে, সকল জেলা থেকে আগত অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে। সর্বোপরি ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামীতেও পাশে থাকবে, ইনশাআল্লাহ।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুর রহমান বলেন, “পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য হেল্প ডেস্ক বসানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, কলম বিতরণ ও অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে। ছাত্রশিবির শিক্ষার্থীদের সর্বদা পাশে ছিল এবং সব সময় থাকবে, ইনশাআল্লাহ।”