নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর ডেমরায় মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় দুই নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে ঢাকা মহানগর মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি। একই দাবিতে বিবৃতি দিয়েছে তুবা সমাজ কল্যাণ সোসাইটি এবং স্থানীয় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর মৎস্যজীবী দলের সভাপতি এস এম শাহ আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রোবেল হোসেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, ডেমরা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তুবা সমাজ কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও ডেমরা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সুমনের ওপর গত ৪ জুলাই দিবাগত রাত ১২টার দিকে সারুলিয়ার টেংরা আলেপখান রোড এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়।
সভাপতির বক্তব্যে এস এম শাহ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমাদের নেতাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। ঘটনার পরও হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, ডেমরায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক ও সাংগঠনিক প্রতিরোধ অব্যাহত থাকবে।
এদিকে হামলার ঘটনার প্রতিবাদে ডেমরা থানা বিএনপি, সহযোগী সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটির উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাতে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ডেমরা থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখিত আসামিরা হলেন— লিটন ওরফে কাইল্লা লিটন, মনা, বিল্লাল, রাজু, আশরাফ, আলম, মিলন, ইন্দ্র, ডিজে জাহাঙ্গীর, সবুজ ও কবির। তারা সবাই ডেমরার সারুলিয়া টেংরা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, “ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, হামলার শিকার জাহাঙ্গীর হোসেন ও মো. রফিকুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত