নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সড়ক নিরাপত্তা আন্দোলনের অন্যতম পরিচিত সংগঠক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান এস এম আজাদ হোসেন গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম (Global Consumer & Human Rights Forum)-এর লাইফ মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি সংগঠনটির গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে তাকে আনার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ফোরামের নেতৃবৃন্দ।
সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এস এম আজাদ হোসেন। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় ফোরামের নেতারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সম্পৃক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে তাকে লাইফ মেম্বার করা হয়েছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে এস এম আজাদ হোসেন দেশের বিভিন্ন মহলে সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সম্পৃক্ততায় গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এস এম আজাদ হোসেন দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সাবেক মহাসচিব এবং বর্তমানে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের বিভিন্ন জেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্টদের মতে, তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উদ্যোগ দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
অনুষ্ঠানে এস এম আজাদ হোসেনকে সম্মাননা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোহাম্মদ মনির হোসেন কাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। একই সঙ্গে সংগঠনের আমন্ত্রণ গ্রহণ করে মতবিনিময় সভায় অংশগ্রহণ করায় এস এম আজাদ হোসেনকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তারা।
ফোরামের নেতারা বলেন, ভোক্তা অধিকার, মানবাধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দক্ষ, সৎ এবং অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করছে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম। সেই লক্ষ্য বাস্তবায়নে এস এম আজাদ হোসেনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত