
নিজস্ব প্রতিবেদক:
ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন কঠিন হওয়া ও পরীক্ষায় অতিরিক্ত কড়াকড়ির অভিযোগ তুলে ভাঙচুর করেছেন একদল পরীক্ষার্থী। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
শনিবার এইচএসসি পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সচিব ও ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানান, প্রশ্ন কঠিন হওয়া এবং পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অতিরিক্ত কড়াকড়ির অভিযোগ তুলে একদল পরীক্ষার্থী পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা শিক্ষকদের অবরুদ্ধ করার চেষ্টা চালিয়ে কেন্দ্রের বিভিন্ন স্থানে ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।