
আজ রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য ব্লু মাইক্রোমুন। একই মাসে দ্বিতীয় পূর্ণিমা হওয়ায় এটিকে বলা হচ্ছে ‘ব্লু মুন’, আর চাঁদ তার কক্ষপথে পৃথিবী থেকে সবচেয়ে দূরের অবস্থানে থাকায় এটিকে বলা হচ্ছে ‘মাইক্রোমুন’।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পূর্ণিমা চাঁদটি পৃথিবী থেকে স্বাভাবিকের তুলনায় প্রায় ৬ থেকে ১০ শতাংশ ছোট এবং ১০ শতাংশ পর্যন্ত কম উজ্জ্বল দেখা যেতে পারে। তবে নাম শুনে বিভ্রান্ত হওয়ার কিছু নেই চাঁদ কোনোভাবেই নীল বা অন্য কোনো রঙে দেখা যাবে না। এটি সাধারণ সাদা বা হালকা হলুদ আভাতেই দেখা যাবে।
বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ স্থান থেকে আজ রাতে চাঁদ পূর্ব আকাশে উঠবে। রাতের পরের দিকে বা চাঁদ ওঠার পরের সময়টিতে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে বলে জানানো হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, চাঁদের এই ‘মাইক্রোমুন’ অবস্থায় আকারের পার্থক্য খালি চোখে বোঝা কঠিন। তবে আগের বা পরের কোনও স্বাভাবিক পূর্ণিমার সঙ্গে তুলনা করলে ছোট ও কিছুটা ম্লান দেখাতে পারে। চাইলে দূরবীন ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠ আরও স্পষ্টভাবে দেখা সম্ভব।
এ ধরনের ব্লু মুন সাধারণত দুই থেকে তিন বছর পরপর দেখা যায়, কারণ চাঁদের ২৯.৫ দিনের চক্র আমাদের ক্যালেন্ডার মাসের সঙ্গে পুরোপুরি মেলে না। ফলে কিছু বছরে একই মাসে দুইবার পূর্ণিমা দেখা দেয়। আজকের এই বিরল আকাশদৃশ্য তাই আকাশপ্রেমীদের জন্য এক বিশেষ সুযোগ সাধারণ চোখেই ধরা যাবে মহাকাশের এক অনন্য মুহূর্ত।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে ৩০ মে রাতে চাঁদটি সবচেয়ে পূর্ণ দেখা গেলেও, বাংলাদেশসহ এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আকাশে রোববার (৩১ মে) রাতে চাঁদকে সবচেয়ে উজ্জ্বল ও পূর্ণ অবস্থায় দেখা যাবে। এই মহাজাগতিক ঘটনাটি দেখার জন্য টেলিস্কোপ বা বিশেষ চশমার প্রয়োজন নেই। খালি চোখেই দেখা যাবে ব্লু মুন। যাবে।
সূত্র: এনডিটিভি